পল্লী উন্নয়ন দিবসে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে এবারের দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনকালে অনুষ্ঠানস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।

উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ এ ধরনের বিশেষ স্মারক সামগ্রী প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও পল্লী উন্নয়নে সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং সাধারণ মানুষের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

SN
আরও পড়ুন