মুস্তাফিজ, ইমন ও হাসান পেলেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া বিদেশি লিগে অংশ নিতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একাধিক অনাপত্তিপত্র (এনওসি) অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে করে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবং ভিটালিটি ব্লাস্টে অংশ নিতে যাচ্ছেন দেশের তিন ক্রিকেটার—মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন এবং হাসান মাহমুদ

ইংল্যান্ডের জনপ্রিয় টি–টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির অনুমোদন অনুযায়ী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত তিনি এনওসি পেয়েছেন, ফলে পুরো আসরই খেলার সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি পেসার। ওই সময় জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় তার অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।

অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজ শেষে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য এনওসি পাচ্ছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। চলতি জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া জিএসএলে লাহোর দলে আবারও তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে অংশ নেবেন। গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচে খেলার সুযোগ পাবেন তিনি। এর আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কাড়েন এই তরুণ পেসার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্সও করেন তিনি।

এর আগে বিভিন্ন বিদেশি লিগে অংশ নিতে এনওসি পেয়েছেন জাতীয় দলের একাধিক তারকা। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

আন্তর্জাতিক লিগে বাংলাদেশের ক্রিকেটারদের এমন ধারাবাহিক অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Attr/AHA
আরও পড়ুন