ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

১২ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে আবারও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী— ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সতর্কতার কারণে এই ১২টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোতে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

YA
আরও পড়ুন