মুক্তির প্রথম দিনেই বিনোদন ইতিহাসের রেকর্ড ভাঙলো জিটিএ ৬

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই গেমটি আয় করেছে আনুমানিক ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। বিনোদনজগতের ইতিহাসে অন্যতম বড় বাণিজ্যিক উদ্বোধন হিসেবে বিবেচনা করা হচ্ছে এই সাফল্যকে।

সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, মুক্তির দিনেই জিটিএ ৬-এর আয় চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর কাছাকাছি পৌঁছে গেছে। সিনেমাটি পুরো প্রেক্ষাগৃহ প্রদর্শনকাল মিলিয়ে আয় করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনও আনুষ্ঠানিক বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেনি। উভয় প্রতিষ্ঠানই গেমটি নিয়ে আগ্রহকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে।

প্রায় তিন দশক ধরে জনপ্রিয়তা ধরে রাখা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংযোজন জিটিএ ৬। ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী এই গেমে যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান ড্রিম’ ধারণাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। গেমটির পটভূমি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত।

গেমটিতে খেলোয়াড়েরা পেশাদার অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হবেন। কাহিনির কেন্দ্রে রয়েছে দুই চরিত্র—লুসিয়া ও তার সঙ্গী জেসন।

জিটিএ ৬ তৈরিতে ব্যয় হয়েছে ১ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হচ্ছে। সে হিসাবে এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম হতে পারে।

সেন্সর টাওয়ারের তথ্য বলছে, জিটিএ ৬-এর মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশ এসেছে প্লেস্টেশন ৫ সংস্করণ থেকে। বাকি বিক্রি হয়েছে এক্সবক্স কনসোলের মাধ্যমে।

গেমটির বিপুল জনপ্রিয়তার প্রভাব অন্য গেমের ওপরও পড়তে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। তাদের পূর্বাভাস, জিটিএ ৬-এর কারণে খেলোয়াড়েরা অন্য এককভাবে খেলার গেমে (সিঙ্গেল-প্লেয়ার টাইটেল) ১০ শতাংশ কম সময় ব্যয় করতে পারেন।

এদিকে গেমিং বাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের পূর্বাভাস, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

তবে ১৯৩৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর মুদ্রাস্ফীতি সমন্বিত ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের আয়ের রেকর্ড ছাড়াতে গেমটিকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

সূত্র: দ্য রিপোর্ট

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত