‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন একটি স্ট্যাটাস নিজের ফেসবুকে পোস্ট করার এক ঘন্টা পরে চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিহত হন। নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে।
জুয়েল বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় উপজেলা সদরে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে জুয়েল রানা লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। ওই পোস্টের কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বরগুনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে দম্পতির মৃত্যু
টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত