ফিফার বর্ণবাদবিরোধী সংকেত নাকি অন্য কোনো বার্তা?

মিশর কোচের ক্রস চিহ্ন নিয়ে নতুন বিতর্ক

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

রেফারিং বিতর্কে উত্তপ্ত আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর এবার আলোচনায় এসেছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের একটি ভঙ্গি। ম্যাচ চলাকালে তিনি দুই হাত আড়াআড়ি করে 'এক্স' বা ক্রস চিহ্ন দেখান, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

বুধবার (৮ জুলাই) নিউজ ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল মিশর। গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং ম্যাচ পরিচালনা নিয়ে ম্যাচজুড়েই অসন্তোষ প্রকাশ করে আফ্রিকান দলটি। এমনকি ম্যাচ শেষে 'ম্যাচ পাতানোর' অভিযোগও তোলে মিশরীয় শিবির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচের শেষ দিকে টাচলাইনে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় লিওনেল মেসি হোসাম হাসানকে উদ্দেশ্য করে কিছু বলছেন। এর পরই হাসান দুই হাত আড়াআড়ি করে 'এক্স' আকৃতির সংকেত দেন। ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকলে এই সংকেত ব্যবহার করা হয়।

তবে মেসি ঠিক কী বলেছিলেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো অডিও বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। একইভাবে হাসান বা ফিফাও স্পষ্ট করেনি, তার এই সংকেত মেসি, আর্জেন্টিনার সাইডলাইন নাকি অন্য কোনো ঘটনার উদ্দেশ্যে ছিল। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘটনার পরপরই ম্যাচের রেফারি হোসাম হাসানকে হলুদ কার্ড দেখান। তবে ফিফার নির্দেশিকায় বর্ণবাদের অভিযোগ জানাতে 'এক্স' সংকেত দেওয়ার কারণে হলুদ কার্ড দেখানোর কোনো বিধান নেই। এ কারণে তাকে কেন সতর্ক করা হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

২০২৪ সালে ফিফা 'নো রেসিজম' কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ সংকেত চালু করে। কোনো খেলোয়াড়, কোচ বা কর্মকর্তা বর্ণবাদী আচরণের শিকার হলে বা এমন ঘটনার অভিযোগ জানাতে এই সংকেত ব্যবহার করতে পারেন। এ ধরনের সংকেত পেলে রেফারির বিষয়টি পর্যালোচনা করা, প্রয়োজনে খেলা সাময়িকভাবে বন্ধ করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ম্যাচ স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

তবে এই ম্যাচে হাসান সংকেত দেওয়ার পরও খেলা থামানো হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ম্যাচ শেষে হোসাম হাসান দাবি করেন, তার দল 'অবিচারের শিকার' হয়েছে। তিনি ইঙ্গিত দেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার চেষ্টা থাকতে পারে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিনি জানান, এবারের আসরের আর কোনো ম্যাচ তিনি দেখবেন না।

সব মিলিয়ে আর্জেন্টিনার জয় মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রেফারিং বিতর্ক ও হোসাম হাসানের 'এক্স' সংকেত নিয়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

AS/AHA
আরও পড়ুন