তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার (৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা আরও জোরদারে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে একসঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি এ বিষয়ে কার্যকর ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিমালা ও কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

AHA
আরও পড়ুন