লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি পরিবারের তিনজন এবং অন্য পরিবারের দুজন রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পাহাড়ের একটি অংশ ধসে একটি মাটির ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী সন্তান সোলেমান মাটিচাপা পড়ে মারা যান।

এরপর ভোররাত প্রায় ৪টার দিকে একই এলাকায় পাহাড়ধসের ঘটনায় একটি দেয়াল ভেঙে পড়ে। এতে জুয়েল (৩৫) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৫) নিহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক দিনের ধারাবাহিক ভারী বর্ষণের কারণে আজিজনগরের দুই নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। একই সময়ে টানা বৃষ্টি ও পাহাড়ি উজানের পানিতে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবিরাম বর্ষণের প্রভাবে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জেলার বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।

NM/YA
আরও পড়ুন