ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:০২ পিএম

দেশের শীর্ষস্থানীয় চিকিৎসালয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ও ঢামেকের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ২ মিনিটে তিনি ঢামেক হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান।  প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢামেকের উদ্দেশে রওনা দেয়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিনের যানজট নিরসন ও ফুটপাত সচল করতে হাসপাতালসংলগ্ন সব অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। ঢামেক সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ করবেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

SN
আরও পড়ুন