মাদারীপুর প্রতিনিধি: বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর লক্ষ্য করে পাথর নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচিতে অংশ নিতে সড়ক পথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী।
বহরটি রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। তবে সেই পাথরের টুকরোটি প্রধানমন্ত্রীর গাড়িতে না লেগে তার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপে গিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বেশ কিছুটা দূর থেকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে নিশানা করে এই পাথরটি ছুড়ে মারা হয়েছিল। ঘটনার পরপরই এক সন্দেহভাজন যুবককে দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখা গেছে বলে তারা জানান।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছিলেন।
ঠিক সেই মুহূর্তেই প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে থাকা এসএসএফ-এর তিন নম্বর জিপ গাড়িটির সামনে হঠাৎ একটি পাথরের টুকরো এসে আঘাত করে। আকস্মিক এই ঘটনায় সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মধ্যে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, অন্য কোনো গাড়ির চাকার নিচে পড়ে পাথরটি ছিটকে এসেছে নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও কাউকে আটক বা কোনো মামলা দায়ের করা হয়নি।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, ওটি আসলে ইট নাকি পাথরের টুকরো, তা সুনির্দিষ্টভাবে যাচাই করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ইরানের সাথে চুক্তি এখনও সম্ভব : ডোনাল্ড ট্রাম্প
সংবিধান সংশোধনে কমিটি গঠন : বিরোধীদলের ওয়াক আউট
ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত তুঙ্গে: হরমুজ বন্ধের হুঁশিয়ারি তেহরানের
তৃণমূলের প্রধান হিসেবে পরিচয় দিতে পারবেন না মমতা