চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরিক্ষা পূর্বঘোষিত সূচিতেই

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল পরীক্ষার্থীর আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেই দেশের ৫৯ জেলায় পূর্বঘোষিত রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) বন্যাকবলিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলা ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে শুরু করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বুধবার সকাল ১০টা থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে।

ঘোষিত রুটিন অনুযায়ী, আজ দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এলাকা ছাড়া) পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন একদল এইচএসসি পরীক্ষার্থী। দিনভর বিক্ষোভ শেষে রাতে তারা কর্মসূচি স্থগিত করলেও নতুন আন্দোলনের ঘোষণা দেন। এই আন্দোলনের জেরে শিক্ষার্থীদের মাঝে আজকের পরীক্ষা হওয়া না-হওয়া নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়।

পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি এবং নির্ধারিত রুটিন অনুযায়ীই পরীক্ষা সম্পন্ন হবে।

SN
আরও পড়ুন