এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কড়া পুলিশি অবস্থান নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিনে সায়েন্সল্যাব এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন।
দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে ওই এলাকায় আন্দোলনকারীদের কোনো বড় সমাবেশ বা জমায়েত দেখা যায়নি। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় অন্য দিনের তুলনায় আজ অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং পরীক্ষা শেষ হতেই অধিকাংশ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে দেখা গেছে।
উল্লেখ্য, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা এই আন্দোলনের ডাক দেন।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজকের পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও পরীক্ষা চালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত বহাল রাখা হয়।
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা, লংমার্চের ডাক
দাবি না মানলে আজ ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’