ফাইনালে শিষ্য স্কালোনির আর্জেন্টিনাকে চান স্পেন কোচ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

২০২৬ বিশ্বকাপের ফাইনালের মঞ্চ এখন প্রস্তুত। একদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রান্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন মুহূর্তে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি চান, ফাইনালে তার দলের প্রতিপক্ষ হোক আর্জেন্টিনা। কারণ, আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক শিষ্য লিওনেল স্কালোনি।

স্কালোনি যখন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নিচ্ছিলেন, তখন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দে লা ফুয়েন্তে। সেই সম্পর্কের কথা স্মরণ করেই স্প্যানিশ কোচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে পারলে তিনি খুশি হবেন। তবে তিনি এটাও স্বীকার করেন যে, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড দুই দলই সমান কঠিন প্রতিপক্ষ।

দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। দুই সেমিফাইনালই যেন ফাইনালের আগের ফাইনাল। এবারই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।’

ফ্রান্সের বিপক্ষে জয়ের গুরুত্ব নিয়েও উচ্ছ্বসিত ছিলেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে। এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা সবকিছুই প্রাপ্য। তাদের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলা সত্যিই উপভোগ করার মতো ছিল।’

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিও দে লা ফুয়েন্তের প্রশংসা করেন।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘লুইসের জন্য আমি খুবই খুশি। তিনি দারুণ একজন মানুষ এবং সব সময় আমাকে সাহায্য করেছেন। তিনি এই সাফল্যের যোগ্য। ম্যাচের পর তাকে ফোন করবো কি না? সেটা আমাদের ফলাফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না, হারলে হয়তো তার কাছ থেকে কিছু পরামর্শ নেব। তবে আশা করি, ফাইনালের আগে তাকে ফোন করার দরকার হবে না।’

এখন বিশ্বকাপ ফাইনালে স্পেনের প্রতিপক্ষ নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে।

AM/YA
আরও পড়ুন