ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ডের মালিকানা দাবি আর্জেন্টিনার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম

ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বিতায় এবার যোগ হলো কয়েক দশকের পুরনো রাজনৈতিক ইতিহাস। নাটকীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। মাঠজুড়ে যখন ইংলিশ ফুটবলাররা হারের স্তব্ধতায় ভাসছিলেন, তখনই মাঠের অন্য প্রান্তে শুরু হয় আর্জেন্টিনার ভিন্নধর্মী এক উদযাপন।

আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো গ্যালারির সামনে একটি বিশেষ ব্যানার উঁচিয়ে ধরেন। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’—যার অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।

উল্লেখ্য, ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। আর্জেন্টিনার মানুষ ফকল্যান্ডকে ‘মালভিনাস’ নামে ডাকে এবং এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

ম্যাচের আগে বিষয়টিকে সাধারণ ফুটবল ম্যাচ বলা হলেও, ফুটবলারদের এই উদযাপন প্রমাণ করে ইতিহাস তাদের মাথায় ছিল। তবে আর্জেন্টিনার যুদ্ধফেরত সেনারা একে নেতিবাচকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন।

‘২ এপ্রিল যুদ্ধ-ফেরত সংগঠন’ এক বিবৃতিতে জানায়, এটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখা ঠিক হবে না। বরং ফুটবল ম্যাচটি বিশ্বমঞ্চে মালভিনাস সংকটের কথা মনে করিয়ে দেওয়ার একটি সেতু হিসেবে কাজ করেছে।

আটলান্টার স্টেডিয়ামে যখন এই উদযাপন চলছিল, তখন গ্যালারি থেকে দর্শকরা হুঙ্কার দিচ্ছিলেন ফাইনালের। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত