গেজেট প্রকাশে কেন বিলম্ব হচ্ছে

পে-স্কেল নিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষা, গেজেট প্রকাশে বিলম্ব

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতিক্ষিত নবম জাতীয় পে-স্কেলের পূর্ণ বাস্তবায়নের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি পে-স্কেল বাস্তবায়নসংক্রান্ত সুপারিশমালা এখনো চূড়ান্ত করতে না পারায় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশে বাড়তি সময় লাগবে।

গত বুধবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ে সচিব কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস্তবায়নের কারিগরি ও আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হলেও সুপারিশমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে কমিটি আবারও বৈঠকে বসবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও গেজেট প্রকাশের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রথম ধাপে মূল (বেসিক) বেতন এবং পরবর্তী দুই ধাপে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

কমিটির বৈঠকে পে-কমিশনের প্রস্তাবিত ২০টি গ্রেড নিয়েও পর্যালোচনা করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০তম গ্রেডের মূল বেতন ৪৮ হাজার ৪০০ টাকা এবং প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই গ্রেডের সংখ্যা বা মূল বেতনের পরিমাণে কিছু পরিবর্তনের কথা ভাবছে সরকার।

এদিকে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দেশের উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে জানান, বর্তমান পরিস্থিতিতে নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

অবশ্য আইএমএফের উদ্বেগের মাঝেও বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়নে আন্তরিক। সে লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পে-স্কেলের আংশিক বাস্তবায়ন ও এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধার্থে অতিরিক্ত আরও ৪৪ হাজার কোটি টাকার আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে।

অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানান, সচিব কমিটির সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে, যার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন।

SN
আরও পড়ুন