শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) রাজধানীর বনানী থেকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বৃহস্পতিবার এ তথ্য জানান।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত তথ্যসূত্র এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ।
এরপর ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের একটি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশে বন্যাদুর্গত ১২ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য পাঠালো ইরান
নৌবাহিনী প্রধানের দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম
সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী