বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত বিএফএসএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএফএসএ জানায়, পরীক্ষাগারে খাদ্যপণ্যগুলোর নমুনা বিশ্লেষণে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে। এ কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার এবং উৎপাদন ও বিপণন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে প্রত্যাহার করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফএসএ আরও জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব খাদ্যপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। একই সঙ্গে ভোক্তাদের এসব পণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে গাজীপুর জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইস্ট বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি, নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর সেনা হেফাজতে
বাংলাদেশে বন্যাদুর্গত ১২ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য পাঠালো ইরান
নৌবাহিনী প্রধানের দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম