বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক উদ্যোগ নিয়েছে ফিফা। রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে যে দল শিরোপা জিতবে, তাদের খেলোয়াড়দের বিশেষ ‘ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন রিং’ উপহার দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতির অনুসরণে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে এই বিশেষ রিং দেওয়া হচ্ছে। এর আগে এনএফএলের সুপার বোল জয়ীদের এমন চ্যাম্পিয়ন রিং দেওয়ার প্রচলন রয়েছে।
ফিফা জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য মোট ৩০টি রিং তৈরি করা হবে। এছাড়া সমর্থকদের জন্য আরও ১ হাজার ৯৯৬টি বিশেষ সংস্করণের রিং বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। প্রতিটি রিংয়ের নকশায় থাকবে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ এবং ভেতরের অংশে খোদাই করা থাকবে বিশেষ স্মারক বার্তা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যদিও এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত ১০২টি ম্যাচের একটিতেও তিনি মাঠে উপস্থিত ছিলেন না। এমনকি শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে বিদায় নেওয়া যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচও তিনি সরাসরি দেখেননি।
ফাইনালের আগে কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে নিউইয়র্ক এলাকায় বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করা হলেও, এর প্রভাব ফাইনালের ওপর পড়বে বলে এখন পর্যন্ত কোনো আশঙ্কা প্রকাশ করা হয়নি।
এদিকে এবারের বিশ্বকাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। পরে বালোগানের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে।
নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় বালোগান শেষ ষোলোর ম্যাচে খেলতে পারলেও বেলজিয়ামের কাছে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। উল্লেখযোগ্যভাবে, এই বিশ্বকাপে অন্য কোনো লাল বা হলুদ কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়নি, যদিও ফ্রান্স ও ইংল্যান্ডও নিজেদের কয়েকটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল।
আগামী শনিবার (১৮ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। আর রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। সূত্র: বিবিসি
১ ম্যাচে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
প্রিয় শিষ্য নাকি নিজের দেশ, কার পক্ষে গার্দিওলা
যেসব কৌশলে স্পেনকে স্তব্ধ করতে পারে আর্জেন্টিনা