‘২০ বছর ধরে বিশ্বকাপের স্ক্রিপ্ট লিখছে ফিফা’

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

লিওনেল মেসি ও শৈশবের লামিনে ইয়ামালের ভাইরাল ছবি নিয়ে এবার রসিকতা করেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি ফ্যালন। ‘দ্য টুনাইট শো’-তে প্রচারিত এক পর্বে তিনি ছবিটিকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দাবি করেন, গত ২০ বছর ধরে নাকি ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ‘স্ক্রিপ্ট’ লিখে রেখেছে।

অনুষ্ঠানে ফ্যালন দর্শকদের ছবিটি দেখিয়ে বলেন, এটি কোনো সম্পাদিত ছবি নয়, বরং ২০০৭ সালে তোলা একটি বাস্তব ছবি, যেখানে তরুণ মেসির সঙ্গে শিশু অবস্থায় দেখা যাচ্ছে লামিনে ইয়ামালকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা টেনে এনে তিনি হাস্যরসের ছলে বলেন, অনেক সমর্থক নাকি বিশ্বাস করছেন এটি বিশাল এক ষড়যন্ত্রের অংশ এবং গত দুই দশক ধরে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ পরিকল্পনা করে সাজিয়ে আসছে ফিফা।

তবে সঙ্গে সঙ্গেই তিনি সেই দাবিকে বিদ্রূপ করে বলেন, এমন কথা বিশ্বাস করা অবশ্যই হাস্যকর, অন্তত যতক্ষণ না বিষয়টি একটু খুঁটিয়ে দেখা হচ্ছে।

এরপর শুরু হয় তার কৌতুকপূর্ণ ‘গাণিতিক বিশ্লেষণ’। ফ্যালন বলেন, বর্তমানে মেসির বয়স ৩৯ বছর, কিন্তু ছবিটি তোলার সময় তার বয়স ছিল ২০। অর্থাৎ ৩৯ থেকে ২০ বাদ দিলে পাওয়া যায় ১৯, আর বর্তমানে ইয়ামালের বয়সও ১৯ বছর। এখানেই থেমে না থেকে তিনি যোগ করেন, ইয়ামালের জার্সি নম্বরও ১৯।

এরপর আরও কয়েকটি মিল তুলে ধরে তিনি বলেন, ছবিটি তোলা হয়েছিল ২০০৭ সালে, অর্থাৎ প্রায় ১৯ বছর আগে। একই সময়ে মেসিও ১৯ নম্বর জার্সি পরতেন। সবশেষে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। এসব সংখ্যাগত মিলকে কেন্দ্র করেই ব্যঙ্গাত্মকভাবে নিজের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উপস্থাপন করেন তিনি।

পুরো উপস্থাপনাই ছিল কৌতুক ও বিনোদনের অংশ। তবে মেসি ও লামিনে ইয়ামালের বহু আলোচিত সেই ছবিকে ঘিরে জিমি ফ্যালনের এই রসিকতা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: মার্কা

AS
আরও পড়ুন