বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স দুই দলেরই। তাই শিরোপার লড়াই নয়, এবার লক্ষ্য তৃতীয় স্থান নিশ্চিত করা। আজ (শনিবার) রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।
দুই দলই সেমিফাইনালে হারের হতাশা নিয়ে মাঠে নামছে। অনেকের মতে, কৌশলগত ভুলের কারণেই ফ্রান্স ও ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে।
টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স সেমিফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে পারেনি। লুইস দে লা ফুয়েন্তের দলের কৌশলের কাছে অসহায় আত্মসমর্পণ করে দিদিয়ের দেশমের শিষ্যরা ২-০ গোলে হেরে বিদায় নেয়।
অন্যদিকে, ইংল্যান্ডের বিশ্বকাপ হতাশার ইতিহাসে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় থমাস টুখেলের দল। ফলে ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যায়।
এখন দুই দলকেই নিজেদের উজ্জীবিত করে খেলতে হবে এমন একটি ম্যাচ, যেটিকে ফুটবল অঙ্গনের অনেকেই ‘সবচেয়ে অনাকাঙ্ক্ষিত’ ম্যাচগুলোর একটি বলে মনে করেন।
সেমিফাইনালের পর ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেন, আমাদের কোনো খেলোয়াড়, এমনকি ফ্রান্সের খেলোয়াড়েরাও এই ম্যাচ খেলতে চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই বিশ্বকাপ জিততেই খেলে, কিন্তু বাস্তবতা এটাই।
অন্যদিকে, ম্যাচটি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ছেন ৫৭ বছর বয়সী এই কোচ। ফলে ফরাসি জাতীয় দলের দায়িত্বে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।
২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর গত ১৪ বছরে দেশম ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপের শিরোপা, ২০২২ বিশ্বকাপের ফাইনাল এবং এবার সেমিফাইনালে তুলেছেন। তবে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে তার কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। হারের পর দেশম বলেন, এখন আমাদের সামনে তৃতীয় স্থান অর্জনের সুযোগ আছে। সেটি অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
ফাইনালের মঞ্চে জায়গা না পেলেও, সম্মান রক্ষার লড়াইয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশমের বিদায়ী ম্যাচ এবং হতাশা কাটিয়ে আসর শেষ করার প্রেরণায় তৃতীয় স্থান নির্ধারণী লড়াইটি হয়ে উঠতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
শিশু ইয়ামালের সঙ্গে তোলা সেই ছবি নিয়ে যা বললেন মেসি
মেসির ফুটবল মস্তিষ্ক সবার চেয়ে ১০ সেকেন্ড এগিয়ে!
কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?
মাঠে ইয়ামাল গ্যালারিতে কেইন, বিশ্বকাপে দুই ভাইয়ের জাদু