ঢাকায় আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন।

বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের ফলে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। হর্ন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ক্যামেরা কীভাবে হর্ন নিয়ন্ত্রণেও ব্যবহার করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SN
আরও পড়ুন