গোপালগঞ্জের মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
আটককৃতরা হলেন, একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। পরে রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গেলে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এসময় দুই সঙ্গী আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি। কিন্তু রিয়ান আর বাড়ি না ফিরে আসলে পরিবারের সদস্যদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়। এরপর মঙ্গলবার ভোরের দিকে ওই পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই চাচাতো বোনের
খুলনায় ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১