সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবের রিয়াদে বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে নিজস্ব প্রাইভেট কারে করে পরিবার নিয়ে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেন শফিকুল ইসলাম। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে দ্রুতগতির একটি বড় যানবাহন তাদের বহনকারী প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও তাদের বড় ছেলে নাবিলকে হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুরের সালথা এবং কিশোরগঞ্জের ভৈরবে তাদের স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও এ ঘটনায় শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
রেসিডেন্সি নবায়নে সৌদির নতুন নিয়ম
কুয়েতে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদির বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা