পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
 
শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আব্দুল কাদের ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও মাইক্রোবাস দুটিই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আব্দুল কাদের নিহত হন। এ সময় মাইক্রোবাস ও বাসে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের দরজা কেটে চালকের মরদেহ বের করে আনেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার মো. ওমর আলী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহত মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
MCH/AHA
আরও পড়ুন