রাজবাড়ী জেলা কারাগারে থাকা হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার বিচারাধীন আসামি তুষার বিশ্বাস (৪২) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার কিছুক্ষণ পর তুষার বিশ্বাস বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার রক্তচাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথে কিংবা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, কারাগার থেকে হাসপাতালে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট সাতটি মামলা বিচারাধীন ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত
বরগুনায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী