পোকার বিতর্কের জবাব দিলেন মাঠের পারফরম্যান্সে

সান্তোসের হয়ে জোড়া গোল, 'পোকার' বিতর্কের জবাব নেইমারের

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া এবং শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় দুটিই আক্ষেপ বাড়িয়ে দিয়েছে নেইমার জুনিয়রের। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে। তবে সব বিতর্কের জবাব যেন তিনি দিলেন মাঠেই।

ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে রোববার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেছেন নেইমার। সবচেয়ে ইতিবাচক দিক হলো, বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৩৫ মিনিট খেলার পর এবার সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন তিনি।

ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর আলতো শটে প্রথম গোল করেন নেইমার। গোলের পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি, যা সাম্প্রতিক বিতর্কের প্রতীকী জবাব বলেই মনে করছেন অনেকে।

দ্বিতীয়ার্ধে ৫১ ও ৬২ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। ম্যাচে সমতা ফেরাতে সান্তোসকে অপেক্ষা করতে হয় ৮৯তম মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।

বিশ্বকাপের আগে এটিকে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ হিসেবে দেখছিলেন নেইমার। দীর্ঘ অনিশ্চয়তার পর কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা পেলেও ফিটনেস সমস্যার কারণে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার।

বিশ্বকাপ শেষে সামাজিক মাধ্যমে বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তিনি। তবে সেটি বিশ্বকাপকে বিদায়, নাকি জাতীয় দল থেকেই সরে দাঁড়ানোর ইঙ্গিত তা স্পষ্ট করেননি।

এরপর নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। দেশে ফিরে সাও পাওলোতে আরেকটি পোকার চ্যাম্পিয়নশিপে খেলায় অংশ নেওয়ায় নতুন করে সমালোচনার জন্ম হয়।

সমালোচনার জবাবে সম্প্রতি গণমাধ্যমকে নেইমার বলেন, “আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন শুনলাম অনেকেই আমার পোকার খেলা নিয়ে কথা বলছে। আমি সকালে অনুশীলন করেছি, খেলতে যাইনি; বরং আবার অনুশীলনেই ফিরেছি। তখন আমার ছুটি ছিল। যাই হোক, মানুষ তো কথা বলবেই। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।”

পোকার বিতর্ক ও বিশ্বকাপের হতাশার পর সান্তোসের জার্সিতে জোড়া গোল করে অন্তত মাঠের পারফরম্যান্সে সমালোচকদের জবাব দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

AM
আরও পড়ুন
সর্বশেষপঠিত