নিজস্ব প্রতিবেদক: দেশে আরও নতুন ১৩২টি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ সেবার উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবা ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে। স্বাস্থ্যসেবায় জনগণের পাশাপাশি চিকিৎসকরা খুশি। আর সে জন্যই ঢাকা বিভাগের ২৪টিসহ আরও ১৩২ হাসপাতালকে বৈকালিক সেবার আওতায় আনা হলো।
সাংবাদিকদের সাথে আলাপকালে জাহিদ মালেক বলেন, এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টিসহ মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু পাবেন সেবাপ্রার্থীরা। আগামীতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা।

