এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

সিলেটের পাঁচটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) এনসিপি সিলেটের ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে। কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। আর শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই ধরনের কর্মসূচি রয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এনসিপির এই কর্মসূচিকে ঘিরে জেলার পাঁচ উপজেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি উপলক্ষে বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির নেতারা জেলার পাঁচটি উপজেলায় পদযাত্রা করবেন। কর্মসূচি নির্বিঘ্ন করতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকটি উপজেলায় সূর্যাস্তের পর কর্মসূচি অনুষ্ঠিত হবে। আবার এসব এলাকা সীমান্তসংলগ্ন হওয়ায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে।

এদিকে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার ও শুক্রবার জেলার পাঁচটি উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার পর্যায়ক্রমে বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Maz/YA
আরও পড়ুন