পাকিস্তানের একটি পুলিশ তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্য এবং আটজন হামলাকারী রয়েছেন। জিও নিউজের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সংঘর্ষে আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় হাঙ্গু জেলায় হামলাটি সংঘটিত হয়। আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের সশস্ত্র তৎপরতা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর কয়েক দিন আগে একই প্রদেশের ট্যাঙ্ক জেলায় আরেকটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় ১৬ জন নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির সরকার এসব হামলার জন্য প্রধানত টিটিপিকে দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছে। যদিও আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। তবুও এ ইস্যুকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা ও বিচ্ছিন্ন সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমেছে রক্তের মজুদ
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, সতর্ক পোল্যান্ড