কক্সবাজারের রামুতে টমটমে বসা অবস্থায় আবু বক্কর ছিদ্দিক (৫২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর ছিদ্দিক উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত মোক্তার আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারিয়ানালা এলাকার গ্যাস পাম্পের সামনে মহাসড়কের পাশে টমটমটি দাঁড় করানো ছিল। দীর্ঘক্ষণ চালককে টমটমের সিটে অবচেতন অবস্থায় বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের আসনে বসা অবস্থায় যেকোনো সময় স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন