শেষ পর্যন্ত নেতৃত্বের সিদ্ধান্তের পাশে থাকবো: পেজেশকিয়ান

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্তের পাশে থাকবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ডন।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া হবে কি না, সে বিষয়ে ইরানের কমান্ডাররা নিজেদের সক্ষমতা সম্পর্কে তার চেয়ে ভালো জানেন। তাই সামরিক পরিস্থিতি এবং দেশের সক্ষমতা বিবেচনায় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে চলবেন।

তিনি বলেন, সরকারের দায়িত্ব যুদ্ধ করা নয়। যুদ্ধ চালিয়ে যাওয়া বা সরকারের সঙ্গে আইনি বিষয়েও সরকারের ভূমিকা সে অর্থে নয়। সরকারের মূল দায়িত্ব হলো প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ করা।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর সক্ষমতা ও পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কমান্ডারদের নিজস্ব মূল্যায়ন রয়েছে। তাদের সেই মূল্যায়ন এবং দেশের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে।

এর আগে পেজেশকিয়ান জানিয়েছিলেন, তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না এবং সামরিক বাহিনীর সঙ্গে তার সরকারের সমন্বয় রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের যুদ্ধ, কূটনীতি ও হরমুজ প্রণালি ঘিরে সিদ্ধান্ত গ্রহণে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। সূত্র: ডন

AS
আরও পড়ুন