মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে এ ঘটনা ঘটে। স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা নেমে গেলে রেলের কর্মীরা বগির ভেতর ধোঁয়া দেখতে পান। পরে তাঁরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়।

স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি আসন পুড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও স্বাভাবিক ছিল।

জহিরুল ইসলাম আরও জানান, এর আগে রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে পৌরসভা কার্যালয়সংলগ্ন সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

এ বিষয়ে বক্তব্য জানতে লতিফুর রহমান ও সুলতান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সুলতান আহমেদ নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি প্রকাশ করে দাবি করেন, আওয়ামী লীগ করার কারণে তাঁর বাড়িতে এর আগেও তিনবার হামলা ও লুটপাট হয়েছে। এবার ঘরের আসবাব, স্বর্ণালংকার ও টাকাপয়সাসহ সবকিছু নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, কারা হামলা-ভাঙচুর করেছে, তা তাঁদের জানা নেই। তবে বিএনপি বা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এটি রেলওয়ে পুলিশ দেখছে। তিনি আরও বলেন, রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মশাল মিছিল করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এমইউ
আরও পড়ুন