নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। এতে জেলার পুরো এলাকা ও নোয়াখালীর দুইটি সিএনজি স্টেশনসহ বেগমগঞ্জ শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানিতে বুদবুদের দৃশ্য দেখে গ্যাস অফিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাখরাবাদ নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করে ওই সেতুর তলদেশে থাকা পাইপলাইনে লিকেজ শনাক্ত করেন। নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাত থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুর জেলার বাসাবাড়িতে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পাশাপাশি গ্যাসনির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পরিবহন চালক ও যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাখরাবাদ নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সবকিছু ঠিক থাকলে মেরামত শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম জানান, কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পাইপলাইনটি ১০ ফুট পানির নিচে থাকায় মেরামতকাজ কিছুটা জটিল হয়ে পড়েছে। এজন্য মেরামত না করে নতুন পাইপ দিয়ে বাইপাস লাইন তৈরী করে গ্যাস সরবরাহ চালু করা হবে।
তিনি আরও জানান, লিকেজের কারণে লক্ষ্মীপুর জেলার প্রায় সাত হাজার আবাসিক গ্রাহক, বাণিজ্যিক ১৫০ জন গ্রাহক ও বেগমগঞ্জের দুইটি সিএনজি স্টেশন ও লক্ষীপুরের দুইটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চিকিৎসক সংকটে বরগুনা জেনারেল হাসপাতাল