মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, পেজেশকিয়ানের দাবি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনির সঙ্গে তার একটি খুব ভালো বৈঠক হয়েছে। ওই বৈঠকে সর্বোচ্চ নেতা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত বসে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যে ব্যক্তি টানা সাত থেকে আট ঘণ্টা বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন, তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না।

সম্প্রতি মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং দীর্ঘ সময় জনসমক্ষে না আসা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। এর মধ্যেই পেজেশকিয়ানের এই বক্তব্যকে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া উদ্বেগ ও জল্পনার জবাব হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ইরানের কর্মকর্তারাও মোজতবা খামেনির জনসমক্ষে উপস্থিতি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। এসব বক্তব্যের মাধ্যমে সর্বোচ্চ নেতার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা ঠেকানোর চেষ্টা করছে তেহরান বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডন

AS
আরও পড়ুন