হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা: কোন পর্যায়ে রয়েছে চুক্তি?

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন পথ নির্ধারণ নিয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। তবে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি উন্মুক্ত করার জটিলতা এখনো কাটেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই পক্ষই জাহাজ চলাচলের প্রস্তাবিত পথটির ভৌগোলিক সীমানা নির্ধারণে সম্মত হয়েছে এবং অবশিষ্ট কারিগরি বিষয়গুলো সমাধান করার কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিও চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।

আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে উল্লেখ করে ইসমাইল বাঘাই সতর্ক করেন যে, কেবল ওমানের সাথে চুক্তি হলেই এই প্রণালি সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে না।

ওমান সরকারও এই আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক অভিহিত করে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যা এই অগ্রগতিকে ব্যাহত করতে পারে।

তেহরানের দেওয়া তথ্যানুযায়ী, এই মুহূর্তে ট্রানজিট ফি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তবে নিরাপদ নৌ-চলাচল, পরিবেশ সুরক্ষা এবং সামুদ্রিক নজরদারির মতো বিষয়গুলো আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ‘শর্ত পূরণের ধারাবাহিকতা’। ওয়াশিংটনের বক্তব্য হলো—বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ও বাধাগ্রস্তহীন হলে এবং ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করলে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হবে।

অন্যদিকে তেহরানের স্পষ্ট দাবি, মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ প্রত্যাহার এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদানসহ অন্যান্য শর্ত যুক্তরাষ্ট্র পূরণ করলেই কেবল প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করা হবে।

সংঘাতের কারণে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের চেয়ে অনেক নিচে নেমে এসেছে। যুদ্ধ শুরুর আগে যেখানে দৈনিক প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত, সেখানে গত ৩ থেকে ৬ আগস্টের মধ্যে মাত্র ৩৩টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন