কক্সবাজারের রামুতে রায়ান আহমেদ (২) নামের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত রায়ান আহমেদ মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকূল ইউনিয়নের সিকদার পাড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সকালে রোমানা আক্তার শিশুটিকে নিয়ে ঘরে প্রবেশ করেন। পরে ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন। এর আগে তার চিকিৎসাও করানো হয়েছিল। প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি তদন্তের পাশাপাশি চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত রোমানা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরায় জামায়াতের ২ এমপির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
ভূমি সেবা দালালমুক্ত করার অঙ্গীকার এসিল্যান্ডের