সাভারের সেই ‘প্রেশার কুকার বোম’ নিরাপদে নিষ্ক্রিয়

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো কসটেপে পেঁচানো একটি প্রেসার কুকার বোম পড়ে থাকার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা প্রেসার কুকারটি নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার দেখতে পান তারা। স্থানীয়দের দাবি, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে যায়।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রামটি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। প্রেসার কুকারটি বোমা সদৃশ হওয়ায় বিষয়টি বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়।

পরে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিকেল পৌনে চারটার দিকে তারা প্রেসার কুকারটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তবে ড্রামটি কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

AHA
আরও পড়ুন