মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা কার্যালয়ের পাশে জড়ো হচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। পরে আশপাশের লোকজন সেখানে গিয়ে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। ঘটনাস্থল থেকে ইলেকট্রিক সার্কিটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলো ছোট বোমার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত জব্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে থাকা কয়েকটি দেবদারু গাছের কাছে একই সময়ে একটি বিস্ফোরণ গাছের ওপরে এবং অন্যটি মাটিতে ঘটে।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
এদিকে, বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারসংলগ্ন প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতাকর্মীরা জড়ো হলে পাশের আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে অবিস্ফোরিত টাইম বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে তদন্ত চলছে।
ক্ষেতলালে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা