নীলফামারীর ডিমলায় স্থানীয়দের তৈরি একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে তা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুস সাত্তার। তবে অন্তত দুজন আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত সেতুটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাউতারা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে কাঠের সেতুটি নির্মাণ করে চলাচল করছিল। সকালে এমপি আব্দুস সাত্তার নেতাকর্মীদের নিয়ে সেতুটি দেখতে যান। একসঙ্গে অতিরিক্ত মানুষ ওঠার কারণে সেতুটির পেছনের অংশ ভেঙে পড়ে এবং কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হন।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ ও স্থানীয়রা জানান, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। অতিরিক্ত চাপের কারণেই পরিদর্শনের সময় দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুস সাত্তার জানান, তিনি অক্ষত আছেন এবং দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সেখানে দ্রুত সরকারি অর্থায়নে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
কুষ্টিয়ায় গরুর খামারের আড়ালে সিগারেটের কারখানা