চট্টগ্রামের শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৭ শ্রমিক নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিপইয়ার্ডের ভেতরে প্রবেশ করেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে সেখান থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ ও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গ্যাসের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Maz
আরও পড়ুন