বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে শেরপুরে মাঠে নেমেছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে জেলা শহরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানে এ বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের নিউমার্কেট, শহীদ বুলবুল সড়ক, রঘুনাথ বাজার, নয়ানী বাজার ও বটতলা এলাকা পরিদর্শন করেন। তারা ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার সরকারি নির্দেশনা অবহিত করেন এবং তা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকসজ্জা ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
সোনারগাঁয়ে দৌড়বিদের মৃত্যু
বরগুনায় চাহিদা ৫৭ মেগাওয়াট সরবরাহ ২৪ মেগাওয়াট
সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন রোধে মানববন্ধন