ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি দুইতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল শেখ (৩২) নামের আরও এক নির্মাণশ্রমিক।
শুক্রবার (১৪ আগস্ট) উপজেলর সদর ইউনিয়নের কালিখোলা মোড়ের পাশে ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
নিহত সজিব শেখ উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে ভবনের ছাদে পিলারের রড তোলার সময় সজিবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুত সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা শ্রমিক রুবেল শেখ আহত হন। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন