বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়েছে। তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত ছিল।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার নেতৃত্ব দিয়েছেন এবং দেশের সমৃদ্ধির জন্য কাজ করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি যে গণতান্ত্রিক দল হিসেবে অবস্থান তৈরি করেছে, তার পেছনে খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিএনপিকে আরও আধুনিক ও গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, দলকে এমনভাবে শক্তিশালী করতে হবে, যাতে এটি সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করেছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও পরবর্তী সময়ে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। একই সঙ্গে দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান বক্তব্য দেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।
রাজনীতির এক পরিচ্ছন্ন বাতিঘর : রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়: চীফ হুইপ
সংসদে জরুরী অধিবেশনের আহ্বান জামায়াত আমিরের