দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতাকর্মীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে হাতে হারিকেন, খালি থালা ও বাটি নিয়ে অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সদস্য ফেরদৌস আমেনা এবং ঢাকা উত্তর এনসিপির ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাযহারুল ইসলাম ইমরানের নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মোহাম্মদ লিমন মোল্লা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কোটালীপাড়া উপজেলা এনসিপির সদস্য তৌহিদুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব মেহেদী হাসান আবিদ।
মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করেই সারাদেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। তীব্র লোডশেডিং এর কারনে অসুস্থ বৃদ্ধ এবং কোমলমতি শিক্ষার্থীরা অসুস্থসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সহ গ্যাস, তেল, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। নতুবা আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি গ্রহণ করার জোর দাবি জানান নেতারা।
সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা