কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ছেলেকে বাঁচিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন বাবা সালাম (২৮)। পরে একটি ট্রলারের সহায়তায় তার শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সালাম মাইনী বাজার থেকে ছেলেকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম। এ সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তার হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসার পর সে আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।
গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম নৌকায় করে বাড়ি ফেরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়েন। তার শিশুপুত্রকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।
লংগদু ফায়ার সার্ভিস জানায়, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু করেছে। এরই মধ্যে স্থানীয়রাও বিলের পানিতে তল্লাশি চালাচ্ছেন।
টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ