খাবারের খোঁজে উখিয়ার লোকালয়ে সাত হাতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল সাতটি বন্য হাতির একটি পাল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে নেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে হাতির পালটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে থাইংখালী বন বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বনকর্মী ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় হাতিগুলোকে ধীরে ধীরে বনের দিকে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর পালটি গহিন বনে ফিরে যায়।

থাইংখালী বন বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতি প্রবেশের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বন বিভাগ ও ইআরটি সদস্যদের প্রচেষ্টায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই হাতিগুলোকে বনে ফেরানো সম্ভব হয়েছে।

তিনি জানান, খাবারের সন্ধানেই হাতির পালটি লোকালয়ে এসেছিল। এ অঞ্চলে বন্য হাতির নিয়মিত বিচরণ রয়েছে। নিজেদের চিরায়ত চলাচলের পথ ও স্বাভাবিক বিচরণক্ষেত্র ধরে চলাচলের সময় হাতিগুলো বিভিন্ন পর্যায়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের চিরায়ত করিডর ও স্বাভাবিক বিচরণক্ষেত্র ধরে এ অঞ্চলে নিয়মিত যাতায়াত করে। হাতি দেখলে আতঙ্কিত হয়ে কাছে যাওয়া বা উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে হবে। লোকালয়ে হাতি প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা সংকট শুরুর দিকে অতিরিক্ত চাপের কারণে এ এলাকার পাহাড়গুলো প্রায় সম্পূর্ণ বৃক্ষশূন্য হয়ে পড়েছিল। পরে ২০২০-২১ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় প্রায় ২২০ হেক্টর জমিতে নতুন করে বনায়ন করা হয়। দীর্ঘদিনের পরিচর্যায় গড়ে ওঠা ওই বনে এখন বন্য হাতির নিয়মিত বিচরণ ও ফিরে আসাকে বন পুনরুদ্ধারের ইতিবাচক ফল হিসেবে দেখছে বন বিভাগ। মানুষ ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত