ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগ, যা বললেন কিমের বোন

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাম্প্রতিক যেকোনো ধরনের যোগাযোগের কথা সরাসরি প্রত্যাখ্যান করেছেন কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।

ওয়াশিংটনের নীতিকে এখনো পিয়ংইয়ংয়ের প্রতি ‘শত্রুতাপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি জানান, ট্রাম্পের এমন কোনো দাবির বিষয়ে তাদের শীর্ষ নেতৃত্ব কিছুই জানে না।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (KCNA)-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ওয়াশিংটন থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে যোগাযোগের বিষয়ে যে খবর ছড়ানো হচ্ছে, সে সম্পর্কে আমি পুরোপুরি অজ্ঞ। এটিই হয়তো আমাদের পররাষ্ট্রনীতির একমাত্র বিষয়, যা আমার জানা নেই।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তিনি কিম জং উনের সাথে যোগাযোগে আছেন এবং আলোচনার প্রস্তাবের জবাবে কিম ‘খুবই ইতিবাচক’ সাড়া দিয়েছেন। এমনকি বুধবারও ট্রাম্প জানান, কিমের সাথে তাঁর সম্পর্ক চমৎকার এবং তিনি আবারও কিমের সাথে সাক্ষাতের পরিকল্পনা করছেন।

দক্ষিণ কোরিয়ার ওপর চাপ সৃষ্টি এবং পিয়ংইয়ংয়ের প্রতি ট্রাম্পের এই নমনীয় মনোভাব এমন এক সময়ে সামনে এল, যখন ট্রাম্প সিউলের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করছেন। ইরান যুদ্ধে সিউল সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প সেখানে অবস্থানরত সাড়ে ২৮ হাজার মার্কিন সেনার উপস্থিতির কথা মনে করিয়ে দিয়ে পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বড় আকারে কমানোর নির্দেশ দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথম ঐতিহাসিক বৈঠক এবং পরবর্তীতে সীমান্ত অতিক্রমের মতো বহু নাটকীয়তার পরও উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। বরং বিগত বছরগুলোতে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে এবং রাশিয়ার সাথে সামরিক মিত্রতা আরও জোরদার করেছে।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন