দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনেরসামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম সরকার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ঘোড়াঘাটের হমিদপুর চিত্তিপাড়া এলাকায় মেয়ে জামাইয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সেলিম সরকারসহ তার স্ত্রী ও মেয়ে সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সম্পা বেগম ও নুছাইফা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত হন সেলিম সরকার নিজেও।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলে পুলিশকে জানানো হয়েছে।
পানি নেই, তবুও বন্ধ হয়নি দুইশত বছরের ঐতিহ্যের নৌকা বাইচ