নতুন পদক্ষেপ নিলে জবাব হবে ‘ভূমিকম্পের মতো শক্তিশালী’: ইরান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেওয়া দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। শনিবার দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, সব দেশকে যুক্তরাষ্ট্রের পরিচালিত অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপে যুক্ত হলে তেহরান তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে সরে না আসে, তাহলে তাদের স্বার্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। রেজাইয়ের দাবি, ইরান এখনো কোনো মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলা চালায়নি; এখন পর্যন্ত তাদের লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি। তবে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও পাল্টা হামলার লক্ষ্য হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ‘ভূমিকম্পের মতো শক্তিশালী’। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোকে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের প্রচারণায় যোগ না দেওয়ার আহ্বান জানান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন ও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন মিত্র দেশগুলোকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগে যুক্ত করার চেষ্টা করছে। তবে চীনসহ ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের সমালোচনা করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুমকির মধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও অব্যাহত রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটি নিয়ে দুই দেশের বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এমএজেড
আরও পড়ুন