বক্সার তেতেকে গুলি করে হত্যা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জোলানি ‘লাস্ট বর্ন’ তেতেকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মডান্টসানে নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা ২৭ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও দেশটির ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি বিষয়টি নিশ্চিত করেছেন। ৩৮ বছর বয়সী টেটে বাড়িতে ফেরার সময় মুখোশ পরা দুই সশস্ত্র ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলার কারণ এখনো জানা যায়নি।

ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, হামলার উদ্দেশ্য বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কোনো অনুমান করতে চান না। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

তেতের হত্যাকাণ্ড দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে হত্যার ঘটনা সাম্প্রতিক সময়ে কিছুটা কমলেও বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার এখনো রয়েছে। একই সঙ্গে বক্সিংয়ের জন্য বিখ্যাত মডান্টসানে তেতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

২০১৪ সালে জাপানের তেইরু কিনোশিতাকে হারিয়ে আইবিএফ জুনিয়র-ব্যান্টামওয়েট বিশ্ব শিরোপা জেতেন তেতে। পরে তিনি ডব্লিউবিও ব্যান্টামওয়েট চ্যাম্পিয়নও হন।

তবে আন্তর্জাতিক অঙ্গনে তেতে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ২০১৭ সালের নভেম্বরে বেলফাস্টে স্বদেশি বক্সার সিবোনিসো গনিয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করার জন্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এটিই ছিল দ্রুততম নকআউট হিসেবে রেকর্ড গড়া।

এএম
আরও পড়ুন